প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ, ইরানকে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ পড়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় আমরা হুমকি ও প্রতিশ্রুতি-দুটোই দেখছি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি দেখছি না।’ খবর আল জাজিরার।
ল্যাভরভ বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ তারা আগেও এমন পরিস্থিতির শিকার হয়েছে। তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘তারা আগেও তথাকথিত প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিল, যার মধ্যে ওই যৌথ সমন্বিত কর্মপরিকল্পনাও (জেসিপিওএ) রয়েছে।’ উল্লেখ্য, যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়, বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথা ছিল।
ল্যাভরভ আরও জানান, পাকিস্তানকে ঘিরে সম্ভাব্য নতুন আলোচনার গতিপ্রকৃতি রাশিয়া পর্যবেক্ষণ করছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান পরিস্থিতি এমন যে, ২৪ ঘণ্টার মধ্যেই ১০ বার পর্যন্ত মোড় ঘুরে যেতে পারে।’
রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় ২০১৫ সালের মতো কোনো চুক্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটিকে বড় সাফল্য হিসেবে দেখা হবে। তিনি যোগ করেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার বর্তমান প্রচেষ্টাকে আমরা সমর্থন করি, তবে তা বাস্তব ফলাফলে পৌঁছাতে হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News