
ইরানে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (২২ এপ্রিল) মধ্যরাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, ইরান ইস্যুতে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কিছুটা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব ট্রাম্পের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
জাতিসংঘ উভয় পক্ষকেই যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে।
মুখপাত্র আরও জানান, যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ভূমিকার প্রতিও সমর্থন জানিয়েছেন মহাসচিব। তাঁর মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে একটি দীর্ঘমেয়াদি সমাধানের পরিবেশ তৈরি করতে পারে।
তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে জাতিসংঘ এখনো কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেনি—এমন সমালোচনাও রয়েছে।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও ট্রাম্প জানিয়েছেন, ওমান উপসাগর ও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও বলেন, ইরানের ভেতরের রাজনৈতিক বিভক্তি পরিস্থিতিকে জটিল করছে। আলোচনা এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার আহ্বানও জানান তিনি।