প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
পটুয়াখালীতে ফেরিঘাটে দুর্ঘটনা: নদীতে পড়ে নিখোঁজ ১

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে মোঃ জহিরুল ইসলাম টুটু (৫৭) নামে এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জহিরুল ইসলাম টুটু বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে জহিরুল ইসলাম ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চরগরবদী ফেরিঘাটে গাড়ি থেকে নেমে ব্যক্তিগত প্রয়োজনে যাওয়ার সময় থেমে থাকা ফেরি ও পল্টনের মাঝখানের ফাঁকা স্থান দিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মুজিবুর রহমান জানান, রাতের অন্ধকার ও পর্যাপ্ত আলোর অভাবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। তবে বুধবার সকাল ৬টা থেকে তাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News