প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
ভারতের উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসেবে পুরো মাদরাসা বোর্ড তুলে দিলো

ভারতের উত্তরাখণ্ডে পুরো মাদরাসা বোর্ড সম্পূর্ণ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আগামী জুলাই ২০২৬-এর মধ্যে রাজ্যের সমস্ত মাদরাসাকে বাধ্যতামূলকভাবে সরকারি শিক্ষা বোর্ডের (উত্তরাখণ্ড এডুকেশন বোর্ড) কারিকুলাম গ্রহণ করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট মাদরাসাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর মাধ্যমে উত্তরাখণ্ডই হতে যাচ্ছে ভারতের প্রথম রাজ্য, যারা মাদরাসা বোর্ডকে পুরোপুরি বিলুপ্ত করল।
রবিবার হরিদ্বারে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি একে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে দাবি করে বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল মূলত ২০২৫ সালের অক্টোবরে। তৎকালীন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) গুরমিত সিং ‘উত্তরাখণ্ড মাইনরিটি এডুকেশন বিল-২০২৫’-এ সম্মতি প্রদান করেন। ফলে ২০১৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ড আইন এবং ২০১৯ সালের অ-সরকারি আরবি ও ফারসি মাদরাসা স্বীকৃতি বিধিমালা আগামী ১ জুলাই, ২০২৬ থেকে অকার্যকর হয়ে যাবে।
মাদরাসা বোর্ডের পরিবর্তে এখন থেকে যাবতীয় কার্যক্রম তদারকি করবে নবগঠিত ‘উত্তরাখণ্ড স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি’। কুমাউ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুরজিৎ সিং গান্ধীকে এই কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আট সদস্যের এই কমিটিতে মুসলিম সম্প্রদায় থেকে মাত্র দুজন সদস্যকে রাখা হয়েছে।
আগামী ২০২৬ সালের শিক্ষাবর্ষ থেকে সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতের ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ এবং ‘নতুন শিক্ষানীতি ২০২০’ অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রী ধামি দাবি করেছেন, প্রতিটি শিশু যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News