প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
রাজশাহীতে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বোরো ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেল সংগ্রহ করতে গিয়ে তীব্র রোদ ও গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আব্দুল আলাম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত কৃষক মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানে সেচ দিতে ডিজেলের প্রয়োজনীয়তায় আব্দুল আলাম বুধবার ভোররাত থেকে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ান। ইরান-আমেরিকা যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি তেলের সংকটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন ও পাম্পের কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হিটস্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে পাম্প কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজশাহীতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।a
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News