প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
কুমিল্লা সীমান্তে মানবপাচারকারীসহ ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন মানবপাচারকারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় প্রায় ৮৪ লাখ টাকার ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
এ সময় অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, আকাশমণি গোল কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, গরু ও গাঁজাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা।
এর আগে সোমবার (১৯ এপ্রিল) কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকা থেকে পুটিয়া গামের মো. রাকিবকে (২২) একটি পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তিনি মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দ করা পণ্যগুলো কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News