প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার ক্যাম্পাসের বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন এলাকার বিভিন্ন স্থানে এ গ্রাফিতি আঁকা হয়।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনে থাকা ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষে কয়েকজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল। তিনি বলেন, “শিবির দীর্ঘদিন ধরে ‘গুপ্ত’ রাজনীতি করে আসছে। বর্তমান নির্বাচিত সরকারের সময়ে সংগঠনটির উন্মুক্তভাবে রাজনীতি করা উচিত।”
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগঠনটির অতীত ও বর্তমান কমিটির তালিকা প্রকাশেরও দাবি জানান তিনি।
রুবেল বলেন, “যতদিন তারা ‘গুপ্ত’ রাজনীতি ত্যাগ না করবে, ততদিন আমরা তাদের ‘গুপ্ত শিবির’ বলেই আখ্যায়িত করব।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ বাবর বলেন, ছাত্রশিবিরের ‘গুপ্ত’ রাজনৈতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠিত বাস্তবতা।
তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল নেতাকর্মীদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে জাবি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকায় এ গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News