প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় চলমান নাজুক যুদ্ধবিরতি আবারও হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।
সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার আত-তিরি গ্রামে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুইজন নিহত হন। ইসরায়েলের দাবি, গাড়িটি হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি স্থাপনা থেকে বের হয়েছিল।
এরপর ঘটনাস্থল কাভার করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। ড্রোন হামলার পর তারা একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে ফের বিমান হামলা চালানো হয়। এতে আমাল খলিলের মৃত্যু হয় এবং জয়নব ফারাজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা ব্যাহত করতে আশপাশের সড়কেও আঘাত করা হয়। দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস এ ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।
একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক আরেক হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে, উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের ওপর সাম্প্রতিক হামলায় আহত ফরাসি সেনা করপোরাল আনিসেত গিরার্দিন মারা গেছেন। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: আল-জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News