
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের সব ৩৬টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, দল বা জোটের সমর্থন ছাড়া পৃথকভাবে জমা দেওয়া তিনটি মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে।
সংসদে সংরক্ষিত নারী আসনগুলো রাজনৈতিক দল ও জোটের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বণ্টন করা হয়। সে অনুযায়ী জোটগুলোর প্রাপ্য আসনের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এবারের বাছাইয়ে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এর আগে বুধবার বাছাইয়ের প্রথম দিনে জামায়াত জোটের ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শরিক দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখা হয়।
বিএনপি জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।