প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
চার দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আজমপুর এলাকায় মাহমুদুল হাসানকে গুলি করে হত্যার ঘটনায় আফজাল নাছেরের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার নির্দেশেই আন্দোলন চলাকালে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্তে আফজাল নাছেরের নাম উঠে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News