প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
গোদাগাড়ীতে পাম্পে ঘেরাও, বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সিরিয়াল ভেঙে তেল নেওয়া নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে বিষয়টি ঘিরে একাধিকবার হুমকি-ধমকি ও অর্থ আদায়ের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ১২ তারিখে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ তার দলবল নিয়ে জৈটা বটতলার এস আর পেট্রোল পাম্পে তেল নিতে গেলে শতাধিক মোটরসাইকেল অপেক্ষমাণ থাকলেও তারা সিরিয়াল না মেনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় উপস্থিত মোটরসাইকেল চালকদের সঙ্গে নিয়ে রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল আলীম এর প্রতিবাদ জানান। তার বাধার মুখে সেদিন তারা তেল নিতে পারেননি। এর দুই দিন পর, ১৪ তারিখে ইমতিয়াজ গোদাগাড়ী থানায় আব্দুল আলীমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ তারিখ) দুপুরের আগে আব্দুল আলীম একই পেট্রোল পাম্পে তেল নিতে গেলে ইমতিয়াজসহ ১৫-২০ জন তাকে ঘিরে ফেলেন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জিডির কথা বলে থানায় নেওয়ার হুমকি দেওয়া হয়। পরে পুলিশ ডাকার কথা বলে তাকে ভয় দেখানো হয় এবং বিষয়টি মীমাংসার জন্য অর্থ দাবি করা হয়।
একপর্যায়ে আব্দুল আলীমের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি গোদাগাড়ী থানা পুলিশের এক এসআইয়ের উপস্থিতিতেই ঘটেছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের জন্য মুঠোফোনে কয়েকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News