প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
কলেজে নারী শিক্ষককে জুতা দিয়ে মারধর, অধ্যক্ষসহ আহত ৫

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে এক নারী শিক্ষককে জুতা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি এবং পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা হামলা ও ভাঙচুর চালান। এ সময় জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী নারী প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ। বাধা দিতে গেলে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকও হামলার শিকার হন।
আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম এবং আরও দুই কর্মচারী। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় অনেক শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র ত্যাগ করেন।
অভিযোগ রয়েছে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মী হামলায় অংশ নেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। তা প্রত্যাখ্যান করায় তিনি হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়।
দুর্গাপুর থানার পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News