প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ

ভয়াল রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ। ২০১৩ সালের এই দিনে সাভারে ধসে পড়ে বহুতল ভবন রানা প্লাজা, মুহূর্তেই প্রাণ হারান হাজারের বেশি পোশাক শ্রমিক। দেশের ইতিহাসে ভয়াবহতম এই শিল্প দুর্ঘটনার বিচার এখনও শেষ হয়নি, যা নিয়ে ক্ষোভ ও হতাশা রয়েছে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে।
চার্জশিট অনুযায়ী, এ ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন এবং গুরুতর আহত হন কয়েক হাজার শ্রমিক। এই দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রশ্ন ওঠে। দীর্ঘ ১৩ বছর পরও সেই দিনের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বেঁচে ফেরা শ্রমিকদের।
ঘটনার পর ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০১৬ সালে বিচার শুরু হলেও আইনি জটিলতায় তা থমকে থাকে দীর্ঘ সময়। ২০২২ সালে পুনরায় কার্যক্রম শুরু হলেও মামলার অগ্রগতি ধীর।
মামলায় ৫৯৪ জনকে সাক্ষী করা হলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের হাজির করতে বারবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করতে পারেনি সংশ্লিষ্টরা। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।
এদিকে, একমাত্র গ্রেফতার আসামি সোহেল রানার আইনজীবী এখনও তাকে নির্দোষ দাবি করছেন। ফলে বিচার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
দিবসটি উপলক্ষে সাভারে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের স্বজন, আহত শ্রমিক, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ক্ষতিপূরণ ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া সকাল থেকেই শ্রমিক সংগঠনগুলো রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News