ইবি প্রতিনিধি: চট্টগ্রামের সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ইবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিবসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে বিক্ষোভকারীরা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশান’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জমায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বর্তমান গুপ্ত বাহিনীকে ২০১৪–১৫ সালের পর থেকে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই নয়, সারা বাংলাদেশেই কোথাও পাওয়া যায়নি। এরপরও তারা সাধারণ শিক্ষার্থীদের নামে হলে দখলের চেষ্টা করছে এবং নানা নামে-বেনামে সংগঠন গড়ে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে। এই সব গুপ্ত কার্যক্রম প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে কিংবা ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে অবমাননাকর মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।
শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নোংরামি করা হয় , অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নিবো না, এর প্রতিবাদে হয় মরবো, না হয় মারবো।
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখার পরও একটি পক্ষ গুপ্ত রাজনীতির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রমের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি মন্তব্য করেন।