প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে কর্মচারীকে পুলিশে সোপর্দ

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে ভেজাল মেশানোর অভিযোগে ক্যান্টিনে কর্মরত এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় আব্দুর রাজ্জাক (৩৬) নামের এক কর্মচারী প্রস্তুতকৃত খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই জাকারিয়া জানান, “অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল। এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের ঘটনাটি ধরা পড়ে। আমরা ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে।”
জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও অভিযোগ পাওয়া গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News