প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
ঢাবির সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি: ঢাকার শাহবাগ থানায় সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিক সংগঠনগুলো।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তানিম তানভীরের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সহ-সভাপতি নুর আলম, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, সেখানে সংঘবদ্ধভাবে হামলা হওয়া উদ্বেগজনক। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলার নজির রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তার পরিণতি ভালো হবে না। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িতদের স্থায়ী বহিষ্কার এবং আহত সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি বলেন, অতীতে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা যারা করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। জড়িতদের দ্রুত বহিষ্কার এবং কঠোর শাস্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০–১২ জন সাংবাদিক আহত হন। পরবর্তীতে মামলা করতে গেলে পুলিশের গড়িমসির অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়সমূহের সাংবাদিক সংগঠনগুলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News