প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর, গ্রেপ্তার বিএনপি নেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৫৫)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের অনুসারী ছিলেন।
এর আগে ভুক্তভোগী মো. আজিজুল হক (৬০) ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, সিদ্ধিরগঞ্জ পুলসংলগ্ন বাজারে আজিজুল হকের একটি ফলের দোকান রয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিলেন এবং বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, দোকান বসানোর কথা বলে তার কাছ থেকে আগে ৬ হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। পরে অসুস্থতার কারণে এক মাস চাঁদা দিতে না পারায় গত শুক্রবার দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭–৮ জন তার ওপর হামলা চালায়। এ সময় দোকানে থাকা প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করা হয় এবং দোকান ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আরও জানান, হামলাকারীরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে, এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনকে আদালতে হাজির করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News