প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
সংসদে নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফা তার ওপর হামলার ঘটনা জাতীয় সংসদে তুলে ধরে নিজের ও নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রোববার সংসদে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে তার গাড়িতে হামলা, ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
সংসদে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাছুম মোস্তফা বলেন, কাজ শেষে ফেরার পথে তিনি ফিলিং স্টেশনে কিছু সময় অবস্থান করেন এবং সেখানে মাগরিবের নামাজ আদায় করেন।
এ সময় কিছু লোক, যারা বিএনপির নাম ব্যবহার করছে বলে তিনি দাবি করেন, তার গাড়িতে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা লোকজনের ওপরও আক্রমণ করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা মসজিদের ভেতরে তাকে খুঁজতে চেষ্টা করে এবং দরজা ভাঙার চেষ্টা চালায়। মুসল্লিরা দরজা বন্ধ করে প্রতিরোধ করলে তিনি নিরাপদ থাকেন বলে জানান।
এ সংসদ সদস্য অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে “পেশাদার কিলার” ব্যবহার করা হয়েছিল বলেও তিনি শুনেছেন। তিনি নিজের, পরিবারের এবং দলের নেতা-কর্মীদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংসদে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন।
তবে মাছুম মোস্তফা পরে বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন ছাড়া বাকিরা নিরপরাধ এবং ইতোমধ্যে অনেকে জামিনে মুক্ত হয়েছেন। প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News