প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে বিল পাস

সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে একটি সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ।
রোববার সংসদে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার–১৯৭৩ সংশোধন বিল’ পাস হয়। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এতে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনাহীনভাবে বিলটি পাস হয়।
বিলের মাধ্যমে আগের আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা (৩সি) বাতিল করা হয়েছে। আগে ওই ধারায় একজন সংসদ সদস্য তার মেয়াদকালে শুল্ক ও কর ছাড়ে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারতেন এবং পাঁচ বছর পর পুনরায় একই সুবিধায় আরেকটি গাড়ি আনার সুযোগ ছিল।
সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে আগেই এই সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত জানানো হয়েছিল বলে সংসদে উল্লেখ করা হয়। পাশাপাশি এমপিদের জন্য সরকারি গাড়িসুবিধা চালুর দাবি উঠেছে, যা সরকার বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে।
এর আগে মন্ত্রিসভা গত বৃহস্পতিবার সংশোধনীটি অনুমোদন করে।
এদিকে সংসদে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সুপারিশ দিতে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাব এবং সরকারি ও বিরোধী দলের সদস্যদের নামের ভিত্তিতে এ কমিটি গঠনের প্রস্তাব সংসদে পাস হয়।
কমিটির মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের মোট ১০ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News