প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে এনসিপির মনিরা শারমিনের আপিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ আপিল দাখিল করেন।
পরে সাংবাদিকদের মনিরা শারমিন বলেন, “আমি আপিল করেছি। আগামীকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুনানির সময় নির্ধারণ করেছে কমিশন।” তিনি আরও বলেন, সরকারি চাকরিতে থাকাকালে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, তাই তার মনোনয়নপত্র বাতিলের যৌক্তিকতা নেই বলে তিনি মনে করেন।
এর আগে, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিভিন্ন জোট ও দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে দুটি বাতিল হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ দিন ২৬ এপ্রিল। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News