লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অটোরিকশার চালকের ভূলে জাহিদ হাসান রাব্বি (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার রাতে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে লক্ষ্মীপুর-রামগতি সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। জাহিদ মোটরসাইকেল চালিয়ে শহরের দক্ষিণ তেমুহনী দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ঘুরানোর চেষ্টা করে, এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনবহুল এই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে স্থানীয়রা সেখানে অবিলম্বে গতিরোধক নির্মাণের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মহন্ত জানান, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।