প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
মনিরা শারমিনের আপিল খারিজ করল নির্বাচন কমিশন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টেকেনি। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।
এর আগে রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন তিনি।
আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনিরা শারমিন জানান, তার মনোনয়ন বাতিলের আদেশ চ্যালেঞ্জ করতেই তিনি আপিল করেছেন। তিনি বলেন, যে আইনের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সেটিকে কঠোরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যা সংরক্ষিত নারী আসনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষ্য অনুযায়ী, একজন নবীন ব্যাংক কর্মকর্তা হিসেবে মাত্র দুই বছরের চাকরিজীবনে তিনি এমন কোনো প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, যার মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ ছিল।
এর আগে, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন।
উল্লেখ্য, ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News