প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভারের আশুলিয়ার বাইপাইলে তিন মাসের বকেয়া বেতনের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষোভে আসা শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাস থেকে কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছেনা । আবার কোন শ্রমিকের ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পরে আছে। আমরা বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধের বার বার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই আমরা বেতন আদায়ের দাবীতে সড়ক অবরোধ করেছি।
রাতে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্পঅঞ্চল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকদের দাবী বাস্তবায়নে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে চলে যান। ঘন্টাখানিক পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
শিল্পঅঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি মাস সহ গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দ্রুত এ সমস্যা সমাধান হয়ে, তারা তাদের বকেয়া বেতন পাবে সেই প্রত্যাশা শ্রমিকদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News