প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আমদানি ব্যয় ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাতে এখনো প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে।
বর্তমানে দেশে জ্বালানি সংকটের কারণে লোডশেডিং বেড়েছে। সরকার বলছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে, ফলে উৎপাদন চাহিদার তুলনায় কম হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখতে লোডশেডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরেও পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ লোডশেডিং চালু করা হচ্ছে, যাতে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা যায় এবং কৃষি ও সেচ কার্যক্রম ব্যাহত না হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News