দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দরে সতর্কতা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং অন্যান্য সংবেদনশীল স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সতর্কবার্তার পরপরই উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
অ্যারাইভাল ও ডিপারচার উভয় ক্ষেত্রেই তল্লাশি বাড়ানো হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয় পুলিশ। সতর্কবার্তায় জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই নিরাপত্তা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট চক্রটি বোমা হামলার পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।