প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
অবশেষে আসছে ‘থ্রি ইডিয়টস’–এর পরবর্তী কিস্তি

২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই তিন বন্ধুর গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। দীর্ঘ ১৬ বছর পর এই জনপ্রিয় ছবির পরবর্তী কিস্তি আসছে বলে নিশ্চিত করেছেন আমির খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যেই ছবিটি নিয়ে কাজ শুরু করেছেন। আমির বলেন, গল্প তিনি শুনেছেন এবং তা তাঁর কাছে বেশ ভালো লেগেছে। যদিও চিত্রনাট্যের কিছু কাজ এখনো বাকি, তবে মূল ভাবনা যথেষ্ট শক্তিশালী।
নতুন ছবির গল্প এগোবে প্রথম ছবির প্রায় এক দশক পরের সময়কে কেন্দ্র করে। ফলে র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায় এবার বড় পর্দায় তুলে ধরা হবে। আগের মতোই হাস্যরস বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। নিজের জনপ্রিয় চরিত্র ফানসুখ ওয়াংডুতে (র্যাঞ্চো) ফেরার ব্যাপারেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমির।
প্রথম ছবিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছিলেন আর মাধবন, শারমান যোশী ও কারিনা কাপুর। বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা ও নিজের স্বপ্ন অনুসরণের গল্পে ছবিটি দর্শকদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছিল।
এদিকে রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি কাজ আপাতত স্থগিত রয়েছে বলেও জানিয়েছেন আমির। পাশাপাশি উদ্যোক্তা অশনীড় গ্রোভারকে নিয়ে একটি জীবনীচিত্র নির্মাণের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
বর্তমানে আমির খান ব্যস্ত তাঁর ছেলে জুনায়েদ খানের ছবি ‘এক দিন’–এর প্রচারণা নিয়ে, যেখানে অভিনয় করেছেন সাই পল্লবী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News