প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। সে সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর উদ্ভূত প্রশাসনিক অস্থিরতার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এর ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারভিত্তিক একাডেমিক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং পরের মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করে। একটি ট্রাস্টি বোর্ডের অধীনে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে।
ট্রাস্টি বোর্ডের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছাশ্রম দেবেন এবং প্রতিষ্ঠান থেকে কোনো বেতন, ভাতা বা আর্থিক সুবিধা গ্রহণ করবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News