প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নতুন করে প্রাণহানি

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বুধবার ভোর পর্যন্ত একাধিক দফায় হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, কিছু হামলা তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর উত্তরে ঘটেছে, যা ইসরাইল নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাবাধীন এলাকা হিসেবে বিবেচনা করে। একটি ঘটনায় ‘ডাবল ট্যাপ’ হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজন ছিলেন সিভিল ডিফেন্স কর্মী—তারা আগের হামলার পর উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং প্রেসিডেন্ট যোসেফ আউন এই হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় তারা কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং সংগঠনটির অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে সুড়ঙ্গ ও সামরিক স্থাপনা ধ্বংসের কথাও জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নিয়মিত হামলা ও পাল্টা হামলা পুরো অঞ্চলকে নতুন করে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News