ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি বলেছেন, “আমাদের অবস্থান এখনো শক্ত রয়েছে” এবং “আমরা এখনো আমাদের নতুন কৌশল প্রয়োগ করিনি।”
ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাব এল-মান্দেব প্রণালির কৌশলগত গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়। তার দাবি, ইয়েমেনিরা এই প্রণালি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর নতুন চাপ সৃষ্টি করার সুযোগ খুঁজছে।
এমন সময়ে তার এই মন্তব্য এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করছে।
বোরুজেরদি আরও বলেন, চলমান আলোচনায় তার অংশগ্রহণ সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী হয়েছে।
এর আগে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খাজারিয়ান দাবি করেন, সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্প্রসারণের বিরোধিতা করছেন।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালি নিয়ে ইরানের কৌশলগত সক্ষমতা ও প্রভাব বাড়ানোর ক্ষমতা রয়েছে।
বাব এল-মান্দেব প্রণালি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত। এটি ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে সুয়েজ খালের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।
প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ এবং ৩৬ কিলোমিটার প্রশস্ত এই প্রণালি ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে বিবেচিত।
সূত্র: বিবিসি বাংলা