প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত আছে: শাহবাজ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এখনো চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়লেও তিনি দাবি করেছেন, কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, তাদের প্রচেষ্টার কারণে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে, যা বর্তমানে কার্যকর রয়েছে।
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত আছে এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তাদের দাবি, চলমান পরিস্থিতি সামাল দিতে ইরান অভ্যন্তরীণভাবে চাপের মুখে রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো চুক্তি করবেন না যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপেক্ষিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের ‘বুদ্ধিমত্তা দেখানোর’ পরামর্শের পরই হোয়াইট হাউসের এই অবস্থান সামনে আসে।
সূত্র: আল–জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News