
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঘটনার সূত্রপাত গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে। শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইকের মাধ্যমে ভাষণ বাজানোর সময় কিছু শিক্ষার্থী এতে বাধা দেন।
এ সময় ডাকসুর সাবেক নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তাহমিদ আল মুদ্দাসিরসহ একদল শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে জোর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে।
পরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।