প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সরকার চাইলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে এবং এ ক্ষেত্রে কোনো সাংবিধানিক সংকট নেই।
তিনি আরও বলেন, অতীতে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা সমর্থন করেনি। বিকল্প হিসেবে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দেওয়ার কথাও ভাবা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। সেই পরিস্থিতিতে বিএনপি সংসদে থাকতে পারত কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন।
বিএনপি সংবিধানের ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তবে এখন পরিস্থিতি ভিন্ন দাবি করে তিনি বলেন, বিএনপির মধ্যেই রাষ্ট্রপতির পদে উপযুক্ত ব্যক্তি রয়েছে বলে তার বিশ্বাস।
বক্তব্যের একপর্যায়ে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে কঠোর সমালোচনামূলক মন্তব্যও করেন তিনি, যা সংসদে আলোচনা সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News