প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
ডেমরায় কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ ৩ জন দগ্ধ

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন ফায়ার ফাইটার নাইম হোসেন (৩০) এবং কারখানার কর্মচারী সুজন (২২) ও বাবু (২৩)। এর মধ্যে সুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সহকর্মীদের বরাতে জানা যায়, সকালে প্রিন্টিং মেশিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে সুজন ও বাবু দগ্ধ হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার নাইম হোসেনও সামান্য দগ্ধ হন।
বর্তমানে তিনজনই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News