প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তারা নাফ নদীতে মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার পথে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, জেলেরা প্রতিদিনের মতোই সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের আটক করা হয়।
আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, তার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিবার খুবই কষ্টে আছে এবং দ্রুত ফেরত চান।
নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, তার নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত উদ্ধারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলেদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এ ঘটনায় স্থানীয় জেলে পরিবারগুলোতে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত জেলেদের নিরাপদে ফেরত আনার দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News