প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
ময়মনসিংহে ৩৩৮৪ হেক্টর ফসল পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক

তিন দিনের ভারি বৃষ্টিতে ময়মনসিংহ জেলার ৩৩৮৪ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ধান, সবজি ও ভুট্টা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার ১৩ মিলিমিটার, মঙ্গলবার ১১৫ মিলিমিটার এবং বুধবার ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিন দিনে মোট ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর, উচাখিলা, সরিষা ও আঠারবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। মূলত জলাবদ্ধতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঈশ্বরগঞ্জে ২০ হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। এর মধ্যে প্রায় ৮০ হেক্টর জমির ধান ইতোমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে।
জেলা কৃষি অফিস জানিয়েছে, জেলার ১৩টি উপজেলায় বৃষ্টির প্রভাবে মোট ৩৩৮৪ হেক্টর ফসল পানির নিচে রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং দ্রুত পানি নেমে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম।
স্থানীয় কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই সময়মতো ফসল ঘরে তুলতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন।
এ দিকে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে অনেক এলাকা অন্ধকারে ডুবে আছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা আজাদ সুমি জানান, দ্রুত পানি নেমে গেলে ধানের বড় ধরনের ক্ষতি হবে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।
জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা বলেন, ‘আর বৃষ্টি না হলে ক্ষতির আশঙ্কা কম, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News