প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
শুভ বুদ্ধপূর্ণিমা আজ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা, বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শুক্রবার (১ মে) দিনটি দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমার এই দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ অর্জন করেন। এই তিন স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা হিসেবে পরিচিত।
গৌতম বুদ্ধের জীবনদর্শনের মূল ভিত্তি অহিংসা, সাম্য, মৈত্রী ও সহাবস্থান। তিনি শিখিয়েছেন—হিংসা দিয়ে হিংসা নয়, বরং অহিংসা ও অবৈরিতার মাধ্যমেই বৈরিতা দূর করতে হয়।
দিনটি উপলক্ষে বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘকে আহার প্রদানসহ নানা ধর্মীয় আচার পালিত হচ্ছে সারা দেশে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি ধর্মই মানবকল্যাণের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধ তাঁর অনুসারীদের জন্য যে পঞ্চশীল নীতি দিয়েছেন, তা হলো—প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার থেকে বিরত থাকা, মিথ্যা না বলা এবং মাদক বর্জন করা। পাশাপাশি প্রেম, করুণা ও সকল জীবের প্রতি দয়া প্রদর্শনের কথাও বৌদ্ধধর্মে গুরুত্ব পেয়েছে।
এদিকে, রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন। সকাল ১০টায় বুদ্ধপূজা ও শীল গ্রহণের আয়োজন রয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News