প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
বাসে জানালার রড অপসারণ ও জরুরি বহির্গমন নিশ্চিতের নির্দেশ

গণপরিবহনে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসি বাসে বাধ্যতামূলকভাবে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) রাখতে হবে এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণ করতে হবে।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই হতাহতের অন্যতম প্রধান কারণ। তাই যাত্রীদের নিরাপদে দ্রুত বের হওয়ার সুযোগ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক বা মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা বাধার মুখে পড়েন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া কঠিন হয়ে যায়।
এসি বাসে দৃশ্যমান স্থানে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্ন প্রদর্শনের পাশাপাশি জানালার কাচ ভাঙার প্রয়োজনীয় সরঞ্জাম রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা বিকল্প পথ ব্যবহার করতে পারেন।
অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা টানার জন্য ব্যবহৃত সমান্তরাল স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই জানালার মাঝ বরাবর থাকা এসব রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হবে এবং প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News