প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
কুমারখালীতে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত

মে দিবসের অঙ্গীকার- মালিক শ্রমিক ভাই ভাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে কুমারখালী বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক মজুরির দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। তাদের ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠে শিল্প-কারখানা, কৃষি ও নির্মাণ খাতসহ দেশের সার্বিক উন্নয়ন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিন শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত হলেই দেশ এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শেষে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News