প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
সৌদি আরবে পৌঁছালেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এসব ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে—এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন। পাশাপাশি, সৌদি আরবের মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জনকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন হজযাত্রী চিকিৎসা সহায়তা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
বিমান সংস্থাভিত্তিক হিসাবে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে।
হজ অফিস সূত্রে জানা যায়, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ইতোমধ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News