প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
মাগুরা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

মাগুরা প্রতিনিধি: “ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা—স্বপ্নের সাথে, বিজয়ের পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মাগুরাতেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা এবং জেলা ক্রীড়া অফিসার বি.এম. সাজিন ইসরাতসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে কাবাডি প্রতিযোগিতার বালিকা গ্রুপে মাগুরা পৌরসভা ও শালিখা উপজেলার দল অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার বি.এম. সাজিন ইসরাত জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজন করা হয়েছে। এতে মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, একই দিনে সিলেটে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাগুরায় এ প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত। পরবর্তীতে জেলা থেকে নির্বাচিত খেলোয়াড়রা খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News