প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
বানারীপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধু নি*হত

বরিশাল ব্যুরো : বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামের এক গৃহবধু নিহত ও তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে,শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে
রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙ্গে পড়ে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে তার স্ত্রী ইয়াসমিন নিহত হন এবং ৭ বছরের ছেলে জিসান গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।
এ প্রসঙ্গে তিনি বলেন ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক দু'প্যাকেট খাদ্যসামগ্রী ও মরদেহ দাফনকাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে। এ ঘটনায় থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। এবং গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন গাছপালা, পানেরবরজ, পেপে বাগান ও কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News