প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
জনগণ রাজপথে নামলে জয় অনিবার্য:ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট প্রতিনিধি:গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য গণমিছিল। শনিবার বিকাল ৪টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান জনসমুদ্রে পরিণত হয় নেতাকর্মীদের উপস্থিতিতে।
সমাবেশ শেষে একটি সুসংগঠিত গণমিছিল শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে আমতলী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, “ইতিহাস বলে, জনগণ রাজপথে নামলে তারা বিজয় নিয়েই ঘরে ফেরে। তাই দায়িত্বশীলদের উচিত সময় থাকতেই সিদ্ধান্ত নেওয়া।”
তিনি আরও বলেন, “৫১ শতাংশ ভোট পেয়ে ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”
জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল অভিযোগ করে বলেন, সরকার জনগণের প্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে, যা গণতন্ত্রবিরোধী মনোভাবের পরিচায়ক। “বাংলার মানুষ আর কোনো স্বৈরাচার মেনে নেবে না,”—জোর দিয়ে বলেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন বলেন, “অধিকার আদায়ে সংগ্রামের বিকল্প নেই। ন্যায়ের পক্ষে দাঁড়াতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুলের পুনরাবৃত্তি ঘটে। জনগণের রায় অগ্রাহ্য করলে পরিণতি কখনোই ভালো হয় না।”
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী বলেন, “জনগণের রায়কে অবমূল্যায়ন করে পুরনো কাঠামো আঁকড়ে থাকা গ্রহণযোগ্য নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে গেলে তার ফল শুভ হয় না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ হাসিবুল আলম লিটন, এডভোকেট মামুনুর রশীদ, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, সদর নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও গণদাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News