প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি বিশ্ববিদ্যালয় এলাকাকে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করতে সেখানে জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়টির প্রধান জাফরুল্লাহ কালান্তারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাটিকে যুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে। তার ভাষায়, এটি দেশের ইতিহাসে বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর আঘাতের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনার পরিবর্তে নতুন করে আধুনিক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এই হামলায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি ১০ লাখ মার্কিন ডলার।
গত মার্চ মাসে সংঘটিত হামলায় ইসফাহানের এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পরে এই হামলার প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানসহ ইরানজুড়ে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সূত্র: বাসস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News