বগুড়া শহরে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এম কে এ সাকিদার নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বগুড়া জেলা প্রতিনিধি: রোববার (৩ মে ২০২৬) শহরের সূত্রাপুর এলাকায় অবস্থিত ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযোগ রয়েছে, এম কে এ সাকিদার মূলত একজন পল্লী চিকিৎসক হলেও প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, শহরের মোহাম্মদ আলী হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসা কিছু রোগীকেও দালালের মাধ্যমে তার প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হতো বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেছেন।
স্থানীয়দের দাবি, ভুয়া চিকিৎসক ও দালালচক্রের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত হলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে আরও বেশি সুরক্ষা পাবে।