প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
মাউশির সাত দিনের প্রশিক্ষণে থাকছেন ১০০ মাদ্রাসা ও স্কুলের শিক্ষক

মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য ৩৫তম রিফ্রেশার্স কোর্স আগামী ৮ মে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১৪ মে পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহরে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১০০ জন শিক্ষককে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা (টিএ/ডিএ) শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। তবে বাস বা ট্রেনের টিকিট সংরক্ষণ করে টিএ বিলের সঙ্গে জমা দিতে হবে। এ ক্ষেত্রে এসি শ্রেণির টিকিট গ্রহণযোগ্য হবে না।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র—যেমন বালিশ, কাঁথা, তোষক, মশারি ও বিছানার চাদর—নিজ দায়িত্বে সঙ্গে আনতে বলা হয়েছে।
এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এক জোড়া কেডস এবং প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র সঙ্গে রাখতে হবে।
মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে রিপোর্ট করতে হবে।
প্রশিক্ষণার্থীদের আগামী ৬ মে বিকেল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। ৭ থেকে ১৫ মে পর্যন্ত প্রশিক্ষণকাল কর্তব্যরত ছুটি হিসেবে বিবেচিত হবে।
তালিকাভুক্ত কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News