প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
আগের সবুজ শার্ট ও খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনছে সরকার। মেট্রোপলিটন এলাকায় আগের মতো সবুজ শার্ট এবং জেলা পর্যায়ে নীল শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ সদস্যরা। তবে নতুন পোশাক তৈরি ও সরবরাহে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) রোহিঙ্গা বিষয়ক সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্ট নন পুলিশ সদস্যরা। তাদের মতামতের ভিত্তিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ১ মে থেকে মাদক চক্রের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে তিনি বলেন, এটি আদালতের বিষয়। তবে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এদিকে, প্রথম অধিবেশনকে ইতিহাসের সবচেয়ে সফল বলে উল্লেখ করে তিনি জানান, এ অধিবেশনেই সবচেয়ে বেশি আইন পাস হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News