প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
মুচলেকা দিয়ে ১২ ঘণ্টা পর মুক্তি পেলেন বিএনপি নেতা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের পর মুচলেকা নিয়ে ১২ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। পরে তাকে থানায় নেওয়া হয়।
আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এ সময় বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের জিম্মায় মুচলেকা নিয়ে রোববার রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তিনি জানান, একটি বাস স্ট্যান্ডের ইজারা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল, যা নিয়ে তদন্ত চলছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News