প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
যাত্রীবাহী নৌকায় গুলি: নিহত ৫, দায় নিয়ে পাল্টাপাল্টি দাবি

ওমান উপকূলের কাছে সমুদ্রে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, মার্কিন বাহিনীর হামলায় অন্তত পাঁচজন বেসামরিক যাত্রী নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে যাত্রারত দুটি ছোট নৌকাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসব নৌকায় সাধারণ যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তারা ইরানের আইআরজিসি-এর স্পিডবোট লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। তবে ইরানি সূত্রের দাবি, কোনো সামরিক নৌযান আক্রান্ত হয়নি; বরং সাধারণ মানুষই হতাহতের শিকার হয়েছেন।
ইরানি সামরিক সূত্র এ ঘটনাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেছে, মার্কিন বাহিনীর ভুল সিদ্ধান্তের কারণে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। তারা এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের জবাবদিহি দাবি করেছে।
ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার প্রভাব দুই দেশের চলমান উত্তেজনাকে আরও তীব্র করতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News