প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের নিয়মিত কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা স্থানীয় সরকার মন্ত্রণালয় আগেই জানিয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব নির্বাচন সম্পন্ন হতে নির্বাচন শুরুর পর প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
উপজেলা পরিষদ বাতিলের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও স্পষ্ট করেন তিনি। সংসদ সদস্যদের বসার জন্য উপজেলা পরিষদে কক্ষ করার সিদ্ধান্তে পরিষদের ক্ষমতা কমে যাবে—এমন ধারণাকেও তিনি অমূলক বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News