প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
রাষ্ট্রকে প্রশ্ন করার ক্ষমতাই গণমাধ্যমের দক্ষতা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রকে প্রশ্ন করার সক্ষমতাই গণমাধ্যমের প্রকৃত দক্ষতা। তবে এই ক্ষমতাকে কেউ কেউ অপব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
বুধবার (৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সৎ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং অসৎ সাংবাদিকতার প্রভাব থেকে সমাজকে রক্ষা করা এখন জরুরি। নামমাত্র ও ভাসমান সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকরা নানা সংকটে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তথ্য ও সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। বর্তমানে নিয়মিত গণমাধ্যমের পাশাপাশি অনিয়মিত ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গণমাধ্যমের নীতিমালা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু ও স্বচ্ছ মিডিয়া পরিবেশ নিশ্চিত করতে সঠিক নীতিমালা প্রণয়ন প্রয়োজন। তিনি জানান, সংবাদপত্রের ছাপা সংখ্যা ও টেলিভিশনের দর্শকসংখ্যা নির্ধারণে স্বচ্ছ হিসাব প্রণয়ন করা হবে এবং এ জন্য ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, টিআরপি বা প্রচারসংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকারি সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সংবাদমাধ্যমকে অন্য কোনো মুনাফাভিত্তিক শিল্পের সঙ্গে তুলনা করা যায় না। তাই এই খাতের বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News